সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য পুঁথিগত জ্ঞানই যথেষ্ট নয়

২১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য পুঁথিগত জ্ঞানই যথেষ্ট নয়। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

মঙ্গলবার চলতি বছরের দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে আরও ভালো করার জন্য উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান অর্জন করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতার শিক্ষা ভাবনায় তিনি কী রকম মানুষ চেয়েছিলেন? বঙ্গবন্ধুর চাওয়া অনুযায়ী শুধু কেরানি তৈরি করার শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে স্বাধীন দেশের স্বাধীন মনের মানুষ তৈরি করার চেষ্টা করছি।

ডাক্তার দীপু মনি বলেন, আমরা চাই শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাসী বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি হবে। প্রযুক্তিবান্ধব মানুষ হবে, মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হবে। একে অন্যের পাশে দাঁড়াবে এমন মানুষ তৈরি হবে। সত্যিকারের সোনার মানুষ হতে হলে পুথিগত জ্ঞানই যথেষ্ট নয়। শুধু বইয়ে যা পড়ছি সেই দক্ষতা নয়, বরং আমরা এখন সফট স্কিলসহ নানা ধরণের দক্ষতা অর্জন করবো।

দেশসেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে রাজশাহীর সরকারি পিএন (প্রমথ নাথ) বালিকা উচ্চ বিদ্যালয়। আর কলেজ পর্যায়ে দেশসেরা নির্বাচিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দেশসেরা হয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

গত ৫-৬ জুন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৫ ক্যাটাগরিতে সাংস্কৃতিক কারিকুলামসহ মোট ২১৩ জনকে ২০২২ সালের বর্ষসেরা ঘোষণা করা হয়।

রাজধানীর বাইরে অনেক প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা সেরা নির্বিাচিত হয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *