যুক্তরাজ্যে বেতন বাড়ানোর দাবিতে রেল ধর্মঘট

২২ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাজ্যে তিনদিনব্যাপী রেল ধর্মঘট ডাকা হয়েছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির রেলশ্রমিকরা। রেল, নৌপথ ও পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সংগঠন ইউনিয়ন ফর রেল, মেরিয়টাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) এই ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘট এড়ানোর লক্ষ্যে সরকারের রেল বিভাগ ও শ্রমিক ইউনিয়ন নেতাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে উভয় পক্ষ শেষ পর্যন্ত কোনও ঐকমত্যে পৌঁছুতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। খবর: দ্য গার্ডিয়ান।

সোমবার এক বিবৃতিতে শ্রমিক ইউনিয়ন আরএমটি জানিয়েছিল, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার যুক্তরাজ্যজুড়ে সর্বাত্মক রেল ধর্মঘট হবে। আরএমটির নেতৃত্বে ৫০ হাজারেরও বেশি রেলকর্মী সেই ধর্মঘটে অংশগ্রহণ করবে। লন্ডন পাতালরেলের কর্মীরা আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করবেন।

দেশটিতে সবশেষ দেশজুড়ে রেল ধর্মঘট হয় ১৯৮৯ সালে। ৩৩ বছর পর আবারও ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকারে আরএমটির সেক্রেটারি মাইক লিঞ্চ বলেন, রেলকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। ২০২১ সালের ডিসেম্বরে সরকারের প্রতিনিধি দলের সাথে আরএমটি নেতাদের বৈঠক হয়েছিল। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে, চলতি বছরের শুরু থেকে রেলকর্মীদের বেতন ৭ দশমিক ১ শতাংশ বাড়ানো হবে।

কিন্তু বছরের ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও আমরা সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাইনি। এদিকে প্রতিদিনই বাড়ছে দ্রব্যমূল্য। জীবন-যাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে। ন্যায্য মজুরির দাবি আদায়ের জন্য এই মুহূর্তে ধর্মঘটে যাওয়া ছাড়া রেলকর্মীদের সামনে আর কোনও বিকল্প পথ খোলা নেই, বলেন মাইক।

ব্রিটেনের পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেন, রেলকর্মীদের বেতন বাড়ানো যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিলতা অবশ্যই মানা হবে। তবে এজন্য আরও কিছু সময়ের প্রয়োজন। কারণ দেশের অর্থনীতি সবেমাত্র সচল হয়েছে। আমরা এ ব্যাপারে আলোচনার জন্য ছয় মাসে একাধিকবার আরএমটি নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে জানান মন্ত্রী।

যুক্তরাজ্য/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *