১৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): প্রাণিসম্পদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে। এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাণিসম্পদে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আনুষঙ্গিক সুবিধাসহ ভেটেরিনারি কাউন্সিল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে ভেটেরিনারি সেবা জোরদারকরণে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ভবিষ্যৎ অগ্রাধিকার’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়। একই দিন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই ও গুণগত উন্নয়ন চান। কাজেই আমাদের মানসম্মত প্রাণিসম্পদের উৎপাদনে জোর দিতে হবে। রোগাক্রান্ত পশুর মাংস বা দুধ থেকে মানুষের শরীরে রোগের জীবাণু প্রবাহিত হতে পারে। সেজন্য গুণগত মানের প্রাণী উৎপাদন ও প্রাণীর চিকিৎসায় দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে।
শ ম রেজাউল করিম বলেন, ভেটেরিনারি শিক্ষার মান ও যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়-দায়িত্বের সীমা নির্ধারণ করে দেয়া হবে। ভেটেরিনারি পেশার মর্যাদা ও শ্রী বৃদ্ধিতে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব নিতে হবে। ভেটেরিনারি কাউন্সিলের সমস্যা সমাধানে সবধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ মনজুর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা।
শ ম রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply