পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী

২১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইতালি): জোটের শরিকদের সমর্থন না পেয়ে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর: রয়টার্স।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দ্রাগির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্র প্রধান এবং তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। বিকেলে পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সাথে বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্টের।

জোটে বিভাজন দূর এবং নতুন করে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল বুধবার পার্লামেন্টে আস্থা ভোট আনার ঘোষণা দেন দ্রাগি। কিন্তু মূল শরিকদের তিনটি দল তাতে সায় না দিলে জোট সরকার ভেঙে পড়ে।

এর আগে গত ১৪ জুলাই পদত্যাগের ঘোষণা দেন দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর তিনি এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তখন দ্রাগির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাত্তারেলা।

প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ না করায় ফের আস্থা ভোট আনার চেষ্টা করেন দ্রাগি। কিন্তু জোটের তিন শরিক সায় না দিলে সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছিল। আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইতালি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *