দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

২১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ১৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভাপ্রধানের ভাষণে তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। যেখানে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা সংঘটিত হয়েছিল।

বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছিল। তিনি বলেন, দেশের চলমান অগ্রযাত্রায় পুনরায় আঘাত আসতে পারে। কারণ আমার আব্বা যখন দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ১৫ আগস্ট ঘটেছিল। তিনি বলেন, বাংলাদেশকে তারা আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করবে। সেজন্য দেশবাসীকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

সরকার প্রধান বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, জয় বাংলা শ্লোগান ফিরে এসেছে এবং জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। কাজেই এগুলো যারা সহ্য করতে পারবেনা তারা বসে থাকবে না, আঘাত করবেই।

অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ’৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা এবং তার পরিবারের সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পৌছে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলের সভাপতি হিসেবে তিনি পৃথকভাবে আরেকবার ফুলেল শ্রদ্ধা জানান শহীদ বেদীতে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের এ সময় তার সাথে ছিলেন।

প্রধানমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *