সার নিয়ে কারসাজি করলেই শাস্তি

২২ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সব রকমের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই, সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।

সোমবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

রাজপথে আন্দোলন-সংগ্রাম করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের ভিত্তি জনগণ। জনগণের সমর্থন নিয়েই বার বার ক্ষমতায় এসেছে। কোন বিদেশি শক্তি বা রাষ্ট্রের উপর আওয়ামী লীগ কখনই নির্ভরশীল নয়। অন্যদিকে, বিএনপি সবসময়ই অন্যের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় এসেছে। এখনও ক্ষমতায় আসার জন্য তারা বিদেশি প্রভু ও রাষ্ট্রের কাছে ধর্না দিয়ে বেড়াচ্ছে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সাত্তার মণ্ডল, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, কৃষিসচিব সায়েদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উম্মে কুলসুম স্মৃতি।

কৃষিমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *