নিউজ ডেস্ক: দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনও সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনিই তার ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এ ধরণের কোনও সিদ্ধান্ত নেই। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে বলেন, গত পরশুদিন বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনায় নবনির্মিত রেল স্টেশনে ভাংচুর করেছে। দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে, বাস-লঞ্চ এগুলো বন্ধ। বাস-লঞ্চের মালিকরা নিজেরাই ধর্মঘট ডেকেছে। এখানে সরকার কিংবা সরকারি দলের কোনও হাত নেই।
তিনি বলেন, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি যেভাবে বাসে, লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদেরকে পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল, এ জন্য স্বাভাবিকভাবেই বাস এবং লঞ্চের মালিক ও শ্রমিকরা উদ্বিগ্ন ছিল। সেই সব ও অন্যান্য কারণে তারা ধর্মঘট ডেকেছিলেন।
এ সময় ডক্টর হাছান তার ট্যাবে ২০১৩-১৪-১৫ সালের কিছু সংবাদচিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন, দেখুন বিএনপির দেয়া আগুনে বাস, লঞ্চ ও শ্রমিকরা কিভাবে পুড়ে মৃত্যুবরণ করেছে। বিএনপির এই অপরাজনীতির আগুনের কারণেই তারা ধর্মঘট ডেকেছে।
বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগ শংকিত’ -বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তারা অনেক কথাই বলছেন। আর আমাদের কর্মীরা বলেছেন যে, তাদের সমাবেশ দেখে ভয় লাগা তো দূরের কথা, আমাদের কাতুকুতু লেগেছে।
হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপি তো ২ হাজার মানুষের সমাবেশ করে, এখন যখন ১০-১৫ হাজার মানুষ দেখেছেন তখন বক্তৃতা দিতে গিয়ে একটু খেই হারিয়ে ফেলেছে, এই হচ্ছে ঘটনা।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply