বিনোদন ডেস্ক: দুর্ধর্ষ স্টান্ট করে সবাইকে চমকে দিতেন খ্যাতনামা এস সুরেশ। এই স্টান্ট জীবন কেড়ে নিল দক্ষিণের ৫৪ বছরের স্টান্টম্যানের। দক্ষিণি তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে স্টান্ট করার সময় মারা গেছেন তিনি।
স্টান্ট মাস্টার এস সুরেশের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণি ছবির জগতে। চেন্নাইয়ের ভন্ডালুরের উনামাঞ্চেরি গ্রামে বিজয় সেতুপতির আগামী ছবি ‘বিদুথলাই’-এর সেট নির্মাণ করা হয়েছিল। ছবির সেটে শ্যুটিং চলাকালে সুরেশ ২০ ফুট উচ্চতা থেকে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। সুরেশ ছবিতে স্টান্ট নির্দেশকের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করছিলেন।
খবর অনুযায়ী, সুরেশের এক স্টান্ট করার কথা ছিল। এই স্ট্যান্টের জন্য ২০ ফুট উঁচু থেকে ঝাঁপ দেয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে তিনি হঠাৎই পড়ে যান। সুরেশকে সাথে সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন।
সেটে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্ত করছে ভন্ডালুর পুলিশ। সুরেশ ২৫ বছর ধরে দক্ষিণি ছবির জগতে কাজ করছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্টান্ট করে এসেছেন। ‘বিদুথলাই’ ছবিতে তিনি বিজয় সেতুপতির স্টান্ট করছিলেন বলে জানা গেছে। আপাতত এই ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।
বেত্রিমারন পরিচালিত ‘বিদুথলাই’ ছবিতে বিজয় সেতুপতি ছাড়াও সুরিকে মূল চরিত্রে দেখা যাবে। এই ছবির শ্যুটিং দুই ভাগে হওয়ার কথা ছিল। বিজয় সেতুপতি জানিয়েছিলেন, প্রথম ভাগের শ্যুটিং হয়ে গেছে। এর দ্বিতীয় ভাগের শ্যুটিং চলছিল। দ্বিতীয় ভাগের শ্যুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটেছে।
ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবিতে বিজয়, সুরি ছাড়া আছেন প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীসহ আরও অনেকে। ‘বিদুথলাই’ ছবির অধিকাংশ দৃশ্য তামিলনাড়ুর সত্যমঙ্গলম জঙ্গলে শ্যুটিং করা হয়েছে।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply