জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক: জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এমনটাই বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

বুধবার তার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) এর অন্তর্গত মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। কারণ, মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।

ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, অনুদান এককালীন। তাই অনুদানের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণই দক্ষতা অর্জন এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হবার উপায়।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে স্পিকার বলেন, স্থানীয় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভেন্ডাবাড়িতে ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। চতরা ইউনিয়নে স্টেডিয়াম এবং শানেরহাট ইউনিয়নের শান নদীখননের কথা উল্লেখ করে তিনি বলেন, উপকারভোগীদের মধ্যে যথাসম্ভব সেবাসামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার (শেখ হাসিনা) নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি সব উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য আহ্বান জানান।

এ সময় ডক্টর শিরীন শারমিন চৌধুরী ৫নং মদনখালী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাই মেশিন, ১০টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেলসহ শীতবস্ত্র বিতরণ করেন।

রংপুরের জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের সভাপতিতে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টুসহ অন্যরা বক্তৃতা করেন।

আখাউড়া বন্দর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *