নিউজ ডেস্ক: আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (ইউজিসি) সভাকক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা আয়োজন বিষয়ক এক নীতি-নির্ধারণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং অথোরিটি (এনটিএ) গঠন করা হবে উল্লেখ করে তিনি একক ভর্তি পরীক্ষা বিষয়ে ইউজিসি চেয়ারম্যান এর নেতৃত্বে শিগগির একটি কমিটি গঠনের কথাও বলেন।
শিক্ষামন্ত্রী একক ভর্তি পরীক্ষা আয়োজনে এখন থেকেই সংশ্লিষ্টদেও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, একক ভর্তি পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটির সাথে পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এইচএসসি পরীক্ষার পরে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সূচি প্রকাশ করা হবে। উচ্চশিক্ষার সবক্ষেত্রে একই সময়ে ক্লাস শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ মিয়া এবং ইউজিসি সচিব ডক্টর ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ডক্টর এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
একক ভর্তি পরীক্ষার মান বজায় রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে একযোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার ফলের মান নিয়ে কোন ধরনের প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেয়া হলে এর মান নিয়ে কোন প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না বলে মনে করেন তিনি।
একক ভর্তি পরীক্ষা নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, স্বাতন্ত্র্, স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা অন্তর্ভূক্তিমূলক করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এর অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে একক ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














