শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই

নিউজ ডেস্ক: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নে যে নীতিমালা তৈরী করেছেন তা অতীতের কোন সরকার করেন নাই। বর্তমান সরকার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার দিনাজপুরের বোচাগঞ্জে জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মহান মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। বিভিন্ন সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। আলোচনার কোন বিকল্প নাই। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়েছেন। এদেশ আর কেউ দখল করতে পারবে না। এদেশ সোনার বাংলা হবে। ২০৪১ সাল নাগাদ  আমরা বাংলাদেশকে একটি মানসম্পন্ন দেশের কাতারে নিয়ে যেতে পারব। তখন মহান মে দিবসের যে তাৎপর্য সেটি বাস্তবায়ন হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। মহান মে দিবসের অঙ্গীকার বাস্তবায়ন হবে। শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশের কোন উন্নয়ন হতে পারেনা। শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবেই।

প্রতিমন্ত্রী বলেন, মে দিবসের সংগ্রাম এখনও শেষ হয় নাই। এই সংগ্রাম নিরব। এক সময়ে একজন শ্রমিক এক বেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছে। সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরীও বেড়েছে। বাংলাদেশকে বলা হত দরিদ্র পীড়িত দেশ। এই দেশের দারিদ্রতাকে বিক্রি করে নোবেল পুরস্কার নেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের দারিদ্রতাকে দূর করতে পারেনি। বাংলাদেশের দারিদ্রতা দূর করতে হলে বাংলাদেশের মানুষকে ভালবাসতে হবে। দেশের দারিদ্রতার ছবি নিয়ে ইউরোপ আমেরিকায় আমি মহান হব, এই মহানুবতা আমরা চাই না। বঙ্গবন্ধু বলেছিলেন- ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, অধিকার চাই।’ আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা দেশের মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এই জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় একজন প্রবাসীকে তার মায়ের চিঠির জন্য আর অপেক্ষা করতে হয় না। এখন মোবাইলে সকাল সন্ধ্যা মায়ের খোঁজ খবর নেয়া যায়।

তিনি দিনাজপুরের একমাত্র ভারি শিল্প সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সময়ে নতুন ব্যবস্থাপনায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই চিনিকল নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমরা সেই রাজনীতি থেকে বের হয়ে এসেছি। নতুনভাবে এই চিনিকলটি দ্রুত সময়ে চালুর ব্যবস্থা করা হবে।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *