নিউজ ডেস্ক: আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোন আন্দোলন হয় না। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, জনবিচ্ছিন্ন থেকে কোন দল আন্দোলন করতে পারে না। সে কারণে বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তারা শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের রানার্স আপ দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন ও কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে- তাদের হাতে কখনও গণতন্ত্র নিরাপদ নয়, ছিলোও না।
বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে- উল্লেখ করে তিনি বলেন, সুস্থ মন ও সুস্থ দেহের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রতিটি বিদ্যালয়ে চলমান রাখতে হবে।
বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা চাঁদপুরের জন্য একটি গৌরব অর্জন করেছো। তোমাদের সবার জন্য একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নকীবুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন। এ সময় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














