নিউজ ডেস্ক: চিকিৎসকদের ওপর অযাচিত হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত দুর্বৃত্তদের হামলায় আহত শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত তানিম তন্বীর শারীরিক অবস্থার সরেজমিন খোঁজখবর নেয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার নুসরাত তানিম তন্বীর সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার নুসরাত তন্বীর উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন।
ডাক্তার সামন্ত লাল সেন বলেন, শরীয়তপুর জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যেই মূল আসামীদের আটক করেছে প্রশাসন। বাকি সন্ত্রাসীদেরও গ্রেফতারে কাজ চলছে। চিকিৎসকদের ওপর যত্রতত্র হামলা হলে সেটি আর মেনে নেয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
বিএসএমএমইউ’তে চিকিৎসারত ডাক্তার নুসরাত তানিম তন্বী এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে জানান, নিম্নমানের ওষুধ ব্যবস্থাপত্রে লিখতে রাজি না হওয়ায় ল্যাব এইড ফার্মার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শহীদুল ইসলাম মৃধার সাথে স্থানীয় নেতা জুলহাস মাতবর, লিখন মাতবরসহ ১০/১৫ জন মিলে তার ওপর এ হামলা চালয়। হামলায় তিনি ও তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রাফিও আহত হন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত তানিম তন্বী। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply