আইভরিকোস্টে ভূমিধস

আফ্রিকার দেশ আইভরিকোস্টের প্রধান শহর আবিদজানের উপকণ্ঠে ভয়াবহ ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। প্রবল বর্ষণের কারণে ড্রেনেজ চ্যানেল ভেঙে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রেডক্রসের নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান। ছবি: আল-জাজিরা

বৃহস্পতিবার সংঘটিত ভূমিধস প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে ভিনসেন্ট তোহ বি জানান, প্রাথমিক ভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। সেখানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। খবর এএফপি, আল-জাজিরা।

তিনি জানান, উপকূলীয় নগরীর উত্তরে আনিয়ামা উপকণ্ঠে স্রোতের তোড়ে ২০ টি বাড়ি ভেসে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত আবুবকর দাগনন জানালেন, তিনি তার তিন বছর বয়েসী সন্তানকে হারিয়েছেন। তিনি এখন সন্তানের লাশ খুঁজছেন।

আরেক বাসিন্দা জানান, ড্রেনেজ চ্যানেল ভেঙে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানি হয়।

আবিদজানে মে মাসে বর্ষকাল শুরু হয়েছে এবং তা জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *