মেসিকে নিয়ে সাকিবের ভাবনা 

০৫ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ফুটবলেরও ভক্ত। সেটি এরইমধ্যে জেনেছেন সবাই। বার্সেলোনা ও আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির ভক্ত তিনি।

ফুটবল নিয়ে আলোচনা উঠলেই মেসির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

বুধবার তেমনই এক আলোচনায় মেসির ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে সাকিব জানান, বার্সেলোনা ছেড়ে দেয়াই উচিত ছিল মেসির। শুধু তাই নয়, বার্সালোনা ছেড়ে কোন ক্লাবে গেলে মেসির জন্য ভালো হতো সেই মতও দিয়েছেন তিনি।

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেসির বিষয়ে নিজের অবস্থানের কথা জানান সাকিব।

এক ভক্ত সাকিবকে প্রশ্ন করেন, ভক্ত হিসেবে লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাকে কীভাবে দেখেছেন আপনি? ওই সময় মেসিকে নিয়ে আপনার অনুভূতি কেমন ছিল?

জবাবে তিনি বলেন, সত্যি বলতে– আমি চেয়েছিলাম মেসি বার্সেলোনা ছেড়ে যাক। দলবদল করে ম্যানচেস্টার সিটি অথবা পিএসজিতে যাক। এর কারণ হিসেবে আমি মনে করি, এ দুই ক্লাবে মেসি আরও ভালোভাবে খেলতে পারতেন। বিশেষ করে অনেক স্বাধীনতা পেতেন।

সাকিব আরও বলেন, মেসি তার ক্যারিয়ারের পড়ন্ত বিকালে আছেন। তিনি পিএসজি বা ম্যানসিটিতে গেলে আরও উপভোগ করে খেলতে পারতেন। বার্সেলোনায় এটা সম্ভব নয়। কারণ গত ৩-৪ বছর মেসির ওপর দিয়ে অনেক বেশি চাপ যাচ্ছে।

কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তিনি বার্সাতেই থেকে গেছেন, আমি চাইব তিনি যেন শিরোপা দিয়েই বার্সেলোনা থেকে বের হন।

খেলা/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *