রাজধানীতে নারী সমাবেশ

২৭ নভেম্বর, ২০২০ (নিউজ ডেস্ক): সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে নারী সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে উত্থাপন করা হয়েছে ১১ দফা দাবি।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এ সমাবেশের আয়োজন করে প্রগতিশীল নারী সংগঠনগুলো। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর নারী সেলের আহ্বায়ক কমরেড লক্ষ্মী চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সোমা দত্ত, নারী সংহতির ভারপ্রাপ্ত সভাপতি তসলিমা আখতারসহ অন্যান্য নারী নেত্রীরা।

সমাবেশে উল্লেখযোগ্য উত্থাপিত দাবির মধ্যে রয়েছে: ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আদিবাসী নারীদের ওপর যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করা; হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করা; সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা; ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারাকে বিলোপ করা এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করা; ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অসম্পূর্ণ সব মামলা নিষ্পত্তি করা; সব ধরনের সভা-সমাবেশে নারীবিদ্বেষী সংবিধানবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা; পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল-এর কার্যকর ভূমিকা পালন করা; গ্রামীণ শালিসের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা।

সমাবেশের আগে একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে বাটা মোড়, গাউছিয়া, নিউমার্কেট, কাঁটাবন হয়ে শাহবাগ এসে শেষ হয়।

নারী সমাবেশ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *