হানিমুন পর্ব শেষ, এখন নির্বাচনের রোডম্যাপে হাটুন

নিউজ ডেস্ক: বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করে জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দেশব্যাপী ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা’ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সূত্রাপুরের লালকুঠিতে এ বিক্ষোভ করে সিপিবি।

কমরেড ধণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও কমরেড প্রিতম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহা, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল, দীপক শীল, ছাত্রনেতা প্রিজম ফকিরসহ অন্যরা।

কমরেড জাহিদ হোসেন খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট হয়ে বিশ্বে যেসব দেশে কালার রেভ্যুলেশন হয়েছে সেসব দেশ এখন মুমূর্ষু অবস্থায় আছে। সাম্রজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধ করতে পারে, অশান্তি তৈরি করতে পারে কিন্তু সমাধান দিতে পারে না। এরা শোষক। শোষকের প্রেসক্রিপশনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায় না।

কমরেড বিকাশ সাহা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি এই গণ আন্দোলনের পূর্বেও ছিল এখনও চলমান আছে। দেখার কেউ নাই। অন্তর্বর্তী সরকার একটি এনজিওগ্রাম সরকার। মুখে এরা সব সমস্যার সমাধান করে কিন্তু বাস্তবে আমরা তা দেখি না। এই সরকারের ৯০ দিন পার হয়ে গেছে। সরকারের হানিমুন পর্ব শেষ কিন্তু জনগণ যে কারণে গণআন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়েছে সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখনই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচনি সংষ্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নেতারা বলেন, দেশের সামাজিক নিরাপত্তা যেকোন সময়ের নাজুক। বিচারহীনতার সংস্কৃতি দেখছি আমরা। প্রতিবাদ করলে ফ্যাসিস্ট হাসিনার দোসর বলে মব সন্ত্রাস তৈরি করা হচ্ছে। এখনও হত্যা, খুন চলছে। আমরা এর অবস্থার পরিবর্তন চাই। নির্বাচনের ভিতর দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আমরা শোষণ-বৈষম্যহীন সমাজ গড়তে চাই।

সিপিবি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *