পরিবর্তন হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম

১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে একটি প্রস্তাবনা রয়েছে। তবে এটি বাস্তাবায়িত হতে সময় লাগবে। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন বিষয়ে এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকরা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন বিষয়ে তথ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধান্ত এখনও হয়নি। একটি প্রস্তাব পেশ করা হয়েছে।

মন্ত্রী জানান, স্বাধীনতার পর এই মন্ত্রণালয়ের নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ই ছিল। পরে কোনো একসময় এটি পরিবর্তন করা হয়েছে। সম্প্রচারের বিষয়টা এই মন্ত্রণালয়ই দেখে। যেমন টেলিভিশনের সম্প্রচার, অন্যান্য মাধ্যমের সম্প্রচার, সমস্ত বিষয় এই মন্ত্রণালয়ের অধিভুক্ত।

তিনি বলেন, এখন যেমন তথ্য মন্ত্রণালয় আছে। আবার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ও আছে। এতে করে নানা জটিলতা, এমনকি চিঠিপত্র উল্টাপাল্টা হয়ে যাচ্ছে।’

ডক্টর হাছান বলেন, এই মন্ত্রণালয়ে এখন টেলিভিশন, রেডিও, অনলাইন, আইপি-সহ সম্প্রচারের কাজ ব্যাপক। বঙ্গবন্ধুর সময় এই মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছিল। এছাড়া ভারত ও পাকিস্তানেও এই মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব কারণেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী জানান, এই প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হতে হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেতে হবে। সব শেষ রাষ্ট্রপতিরও অনুমোদন লাগবে। এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

নাম পরিবর্তন/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *