০৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইডিইউতে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন।
তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। তাই তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এর আগে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে ৫ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ আসে তার। এরপর সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কুর্মিটোলা জেলারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় কর্তৃপক্ষ সেটা দিতে পারছিলেন না। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন তিনি। সবশেষ সরকারি অনুদানে নির্মিত ‘এই তুমি সেই তুমি’ নামে একটি ছবি পরিচালনা করেছেন। বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
কবরী/এসকেএম















