আজ জিসিএ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বক্তব্য রাখবেন।

আঞ্চলিক গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বাংলাদেশ-এর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বক্তব্য রাখবেন।

প্যানেল আলোচনার পর ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বেসেডর সায়মা ওয়াজেদ হোসেন ইয়ুথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের উদ্বোধন করবেন।

জিসিএ আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের নতুন ভবনে স্থাপন করা হয়েছে। ঢাকায় আঞ্চলিক অভিযোজন কেন্দ্রের (জিসিএ) উদ্বোধনী অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *