আফগানিস্তানে বন্দুকধারীর হামলা

১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের উত্তরাঞ্চলে মুখোশপরা বন্দুকধারীদের গুলিতে মাইন-ক্লিয়ারিং অর্গানাইজেশনের ১০ কর্মী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন।

মঙ্গলবার দেশটির বাগলান প্রদেশে স্বেচ্ছাসেবী সংস্থা মাইন-ক্লিয়ারিং অর্গানাইজেশন হ্যালো ট্রাস্টের ক্যাম্পে ১১০ কর্মীর ওপর হামলা হয়। খবর: আলজাজিরা।

সংস্থাটির নির্বাহী প্রধান জেমস কাউয়ান বলেন, বন্দুকধারীরা একটি জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কিছু মানুষের সন্ধান করছিল।

বুধবার আইএস এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ।

এ ঘটনায় বেঁচে যাওয়া একজন বলেন, পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী এসে আমাদের মধ্যে হাজারা সম্প্রদায়ের কেউ আছে কিনা জানতে চায়। এ সময় কেউই জবাব দেয়নি। এর পর কম্পাউন্ড লিডারকে গুলি করে হত্যা করার আগে তার পরিচয় জানতে চাওয়া হয়। এর পরই বন্দুকধারীদের একজন বলে উঠল সবাইকে গুলি করে মেরে ফেলো। এ কথা বলার সাথে সাথেই বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় অনেকের মৃত্যু হয়। এর মধ্যে কেউ কেউ প্রাণে বেঁচে গেছি।

আফগানিস্তানে শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায় মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। তাদের ওপর আইএস হামলা চালিয়ে আসছে বহুদিন ধরে। তবে সম্প্রতি পূর্বের চেয়ে হামলার তীব্রতা বেড়েছে গেছে।

বন্দুক হামলা/এসকেএম