ইউক্রেনে শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা

২৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিংমলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন।

সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে অ্যামস্টোর নামে শপিংমলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর: আলজাজিরা।

খবরে বলা হয়, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

শপিংমলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শপিংমলে কতজন লোক ছিল সেটি জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীদের ধারণা, এটি হয়তো একটি গাইডেড মিসাইল বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র ছিল। শপিংমলে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

আক্রান্ত শপিংমলটি রুশনিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ আক্রমণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *