নিউজ ডেস্ক: মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
তখন তিনি বলেছেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে মানুষ সবাই একসাথে রওনা করে। সড়কে চাপ পড়ে। গত ঈদে আমরা এক দিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তখন খুব ভালো ফল পেয়েছি। গত ঈদুল ফিতরে কোনও জটিলতা হয়নি। দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। ঈদুল আজহার আগে যাতে দুদিন ছুটি পায়, সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রী করে দিয়েছেন।
এবার ঈদে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।
ঈদুল আজহা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply