কলকাতায় নির্মাণাধীন বাড়ি ভেঙে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার একটি ৬ তলার নির্মাণাধীন বাড়ি ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। তারা বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কলকাতার গার্ডেন রিচ এলাকায় নির্মাণাধীন ৬ তলার একটি বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই বাড়ির পাশে ছিল বস্তি। সেই বস্তির ওপর ভেঙে পড়ে বাড়িটি।

এলাকাবাসীর অভিযোগ, পুকুর ভরাট করে কলকাতা পৌর করপোরেশনের ১৩৪ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে নির্মিত হচ্ছিল বাড়িটি। ওয়ার্ডটি কলকাতা পৌর করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের এলাকা। ঘটনার পর এলাকাবাসী দাবি তুলেছেন স্থানীয় কাউন্সিলরসহ নির্মাণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভবনটি বেআইনিভাবে নির্মিত হচ্ছিল। তিনি অবিলম্বে এই নির্মাণের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

মেয়রও বলেছেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত সাত ব্যক্তির মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন আকবর আলী, রেজওয়ান আলম, মহম্মদ ওয়াসিক, হাসিনা খাতুন ও আবদুস সামাদ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল এই নির্মাণকাজের সাতে যুক্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসকের একটি দল পাঠানো হয়েছে। চিকিৎসক দল আহত ব্যক্তিদের দেখে ইতোমধ্যে আহত তিনজনকে পিজি হাসপাতালে পাঠিয়েছেন উন্নত চিকিৎসার জন্য।

পুলিশ বলেছে, এখনও চারজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে যোগ দিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা দলসহ ফায়ার ব্রিগেডের সদস্যরা।

ভারত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *