২৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনাচৌকিতে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনাসদস্য।
শনিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে নাইজেরিয়া সীমান্তসংলগ্ন সাগমে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির উত্তরাঞ্চলের গর্ভনর বাকারি মিদজিয়াওয়া বলেন, ভোররাত চারটায় বোকো হারামের যোদ্ধারা ছয়টি গাড়িতে করে এসে হামলা চালায়। তাদের সাথে সংঘাতে আমাদের ছয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এতে আরও চার সেনা আহত হন।
বোকো হারামের সাবেক নেতা আবুবাকার শেকাউ মারা যাওয়ার পর থেকে জঙ্গি সংগঠনটি এই অঞ্চলে হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ক্যামেরুন/এসকেএম















