০৪ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সাথে গোলাগুলিতে ২২ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনন্ত ৩১ জওয়ান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএনআই।
ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সাথে গোলাগুলি শুরু হলে নিরাপত্তাবাহিনীর ২২ সদস্য নিহত হন। আহত হন আরও ৩১ জওয়ান।
রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা আশোক জুনেজা জানিয়েছেন, মাওবাদীবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বাড়ছে এবং আরও বাড়তে পারে।
এ বছরে এখন পর্যন্ত এটিই মাওবাদীদের সবচেয়ে বড় হামলার ঘটনা। দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে রিজার্ভ গার্ডের পাঁচজন কর্মী নিহত হন।
ভারত/এসকেএম/আরএম















