জনপ্রতিনিধিদের বেশি করে সম্পৃক্ত করার তাগিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে আরও বেশি স্থানীয় জনপ্রতিনিধিকে এ কাজে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

শনিবার বেলা ১১টায় গণভবনে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরী উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

বৈঠকে দেশে করোনা ভাইরাসের বিস্তার কমিয়ে আনা এবং করোনায় আক্রান্তদের সেবা প্রদানের বিষয়ে নেয়া সিদ্ধান্তগুলোও পর্যালোচনা করা হয় বলে জানান এহসানুল করিম।

কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মাদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মাদ শহীদুল্লাহকে কমিটির সভাপতি এবং রোগত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে মহাসচিব করা হয়।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ১৯ এপ্রিল ১৭ সদস্যের জাতীয় কারিগরী উপদেষ্টা কমিটি গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *