জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

২ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যানচলাচল বন্ধ করে, মানুষের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার লৌহজং উপজেলায় নবনির্মিত থানা ও ফায়ার সার্ভিসের ফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি টঙ্গীবাড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনও ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন।

তিনি বলেন, বিএনপি রাজপথ দখল করবে কোন ইস্যুতে। তাদের সাথে কোন লোকজন নেই। এদেশের মানুষ আর অন্ধকারে যেতে চায়না। এদেশের মানুষ একবার আলোকিত হয়েছে আর অন্ধকারে যাবে না। আন্দোলনের ডাক দিয়ে তারা সব জায়গায়ই ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কোন জায়গায়ই বাধা দেইনা। আমি বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তাহলে আমাদের সেখানে কোন আপত্তি নেই।

মন্ত্রী বলেন, আপনারা কী ভুলে গেছেন লোডশেডিংয়ের কথা। জেনারেটরের আওয়াজে যে কান ঝিঁঝি করতো তা কী ভুলে গেছেন। তখন ডাবল দামে আইপিএস বিক্রি হতো। পরীক্ষার সময় ছাত্ররা পড়ালেখা করতে পারতো না। মোমবাতি হারিকেন জ্বালাতো তারা। এসব দেশের মানুষ ভুলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বদলে দিবেন বাংলাদেশ। আজ যে বাংলাদেশ বদলে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার আব্দুল মোমেন ও গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান।

স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *