২৬ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।
সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: আল-জাজিরা।
ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তার হাতে একটি চিঠি দেয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। রাশিয়া যাদের বহিষ্কার করেছে, তারা কোনও ভুল করেননি।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়েরবকের কথাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















