টিকা নিয়ে চিকিৎসকের মৃত্যু

১৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফাইজারের টিকা নেয়ার দুই সপ্তাহ পর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক গ্রেগরি মাইকেল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্লোরিডার স্বাস্থ্য অধিদপ্তর ও ফেডারেল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

গত ৩ জানুয়ারি ফাইজারের করোনা টিকা গ্রহণ করেছিলেন গ্রেগরি। তিনি ধাত্রীবিদ্যাবিশারদ (গাইনোকলজিস্ট) হিসেবে ফ্লোরিডার মায়ামিতে কর্মরত ছিলেন। খবর: নিউ ইয়র্ক টাইমস।

তার স্ত্রী হিদি নেকলম্যান জানান, টিকা নেয়ার সময় সুস্থ ছিলেন গ্রেগরি। এমনকি তার কোনও রোগ প্রতিরোধ বিষয়ক বিশৃঙ্খলাও ছিল না। তবে টিকা নেয়ার পর তিনি ইডিওপ্যাথিক থ্রোমবোসাইটোপেনিক পারপুরা (আইটিপি) জনিত স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তার রক্তে প্লেটিলেটসের ঘাটতিও দেখা দেয়।

হিদি নেকলম্যানের দাবি, এই টিকার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পেছনে আর অন্য কোনও কারণ থাকতে পারে না। ফাইজারের দাবি, তারা মনে করেন না টিকা নেয়ার সাথে ওই ডাক্তারের মৃত্যুর কোনো সম্পর্ক আছে। 

ফাইজার বলছে, এখন পর্যন্ত কয়েক লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে। টিকা নেয়ার পর ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কোনও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা তা ঘনিষ্ঠভাবে তারা পর্যবেক্ষণ করছে। 

এদিকে গত বুধবার মাইকেলের দেহ থেকে ময়নাতদন্তের সময় নমুনা সংগ্রহ করা হয়েছে। তা এদিইন পাঠিয়ে দেয়া হয়েছে সিডিসিতে।

করোনা ভ্যাকসিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *