ঢাকার পথে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

০৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকার পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের অ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো আসবে আগামীকাল শনিবার।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবেলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছুবে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স আসবে আগামীকাল শনিবার। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় গেইটপাশ (আইজিএম) প্রস্তুত করেছে।

অ্যাম্বুলেন্স/এসকেএম