২৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): দরিদ্র ও ছিন্নমূল মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে সরকার। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, শেখ হাসিনার সরকার চায় একজন মানুষও বেকার থাকবে না, গৃহহীন থাকবে না। অসহায় মানুষের দুঃখে হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা উন্নয়নের বিস্ময়কর জাদুকর। তার হাত ধরে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মিলিতভাবে শেখ হাসিনার এ উন্নয়নের ধারায় শামিল হতে হবে।
স্বাবলম্বী করার জন্য উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূর করছে সরকার-এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। মাছ ধরা বন্ধকালে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয় সরকার। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের পুষ্টি চাহিদা মিটছে।
করোনা সংকটে দুধ, ডিম, মাছ ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা মূল্যের দুধ, ডিম, মাছ, মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় হয়েছে। চলতি রমজানেও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় চালু রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার সিকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডাক্তার এসএম জিয়াউল হক রাহাত, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, ফজলুল হক সেন্টু ও সমীর কুমার দাশ বাচ্চু, জেলা কৃষক লীগ সভাপতি চান মিয়া মাঝিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply