দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল

০৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনায় দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। আক্রান্তদের প্রাণহানিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানও হয়েছে।

রোববার রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী ১৭ মে সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন থাকবে। খবর: হিন্দুস্তান টাইমস।

দিল্লিতে সংক্রমণের হার বাড়তে থাকায় গত মাসের মাঝামাঝি সময় থেকে লকডাউনের ঘোষণা করেন কেজরিওয়াল। তারপর থেকে চার দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আমাদের চিকিৎসা পরিকাঠামোকে উন্নত করতে লকডাউনের সময়কে ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় অক্সিজেন বেডের সংখ্যা বাড়ানোর কাজ করা হয়েছে। দিল্লিতে অক্সিজেনের পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এখন হাসপাতাল থেকে জরুরি বার্তা বা আতঙ্কিত হয়ে ফোন পাচ্ছি না।

এ নিয়ে রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনের।

লকডাউন/এসকেএম