নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে ব্যবস্থা নেয়া হচ্ছে

১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে।

শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনলাইনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, উন্নত বিশ্বের বিতরণ ব্যবস্থার মতই বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হতে যাচ্ছে। যার মূল লক্ষ্যই হবে গ্রাহক সেবা বৃদ্ধি।

নসরুল হামিদ বলেন, স্ক্যাডা, ইআরপি, স্মার্ট গ্রীড, স্মার্ট মিটার, জিআইএস ম্যাপিং, আন্ডারগ্রাউন্ড ক্যাবল, আন্ডারগ্রাউন্ড সাব-স্টেশন, প্রি-পেইড মিটারিং ব্যবস্থা, মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, অনলাইনের মাধ্যমে নতুন সংযোগ, ‘নেট মিটারিং গাইডলাইন’ ইত্যাদির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার গ্রাহকদের বিলিং সংক্রান্ত অভিযোগ থেকে রক্ষা করে সাশ্রয়ী হতে সহায়তা করবে। ৬ হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল এবং ৯ হাজার কোটি টাকা গ্যাসের বিল বকেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকদেরও দায়িত্বশীল হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

এফইআরবি’র চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।

সংগঠনের নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাওসার আমীর আলী।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন, বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান, বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *