নির্বাচনকালীন সরকার নিয়ে কোন সংকট নেই

২৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোন সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোন শেষ নেই। তারা কখনও নিরপেক্ষ সরকার, কখনও নির্বাচনকালীন সরকার, আবার কখনও তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনও জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চায়, তা তারা নিজেরাও জানে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়, সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটা একটা মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোন সুযোগ নেই।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই দল গড়ে উঠেছে। আওয়ামী লীগ ভালো করেই জানে কিভাবে আন্দোলন মোকাবেলা করতে হয়। রাজপথ কাউকে ইজারা দেয়া হয় নি। আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।

‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন বক্তব্য শুনলে দেশের জনগণ হাসে। যে দল তাদের নেত্রীর মুক্তির জন্য রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারে না, তারা আবার আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করবে, এমনটা জনগণ বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *