নুসরাতের বিরুদ্ধে নিখিলের মামলা

০৭ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরে তোলপাড় টালিপাড়া। এদিকে, নুসরাতের মা হওয়ার খবর চাউর হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করেছেন স্বামী নিখিল জৈন।

নিখিলের সাথে আইনগতভাবে বিচ্ছেদ হয়নি নুসরাতের। এরই মধ্যে অভিনেতা যশের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান নুসরাত। এমনকি তিনি যশকে বিয়ে করেছেন বলেও কানাঘুষা শোনা যায়।

নিখিলের এক কাছের বন্ধুর বরাত দিয়ে ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকমাস আগে কয়েকজন বন্ধুর সাথে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন নুসরাত। নিখিলই ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করেছিলেন। রিসোর্টের মালিক নিখিলের বন্ধু হওয়ায় নিখিল জানতে পারেন যশের সাথেই ছিলেন নুসরাত। সেই থেকেই নুসরাত-নিখিলের সমস্যার শুরু। এরপর দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে মদন মিত্রের সাথে যশ ও রঙ্গোলির শাড়ি পরা নুসরাতের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গুঞ্জন। সেদিনই নাকি নুসরাতকে যশ বিয়ে করেছিলেন।

জানা গেছে, তুরস্কে নিখিল-নুসরাতের সোশ্যাল ম্যারেজ জাঁকজমকভাবে হলেও বিয়ে রেজিস্ট্রেশন হয়নি তাদের। তাই সমঝোতা করেই দুজনে আলাদা হতে চান বলে জানিয়েছেন নিখিল। এজন্য দেওয়ানি মামলাও করেছেন তিনি।

নিখিলের ওই বন্ধুকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত এখনো যে ফোর্ড গাড়ি চালান সেটাও নিখিলের। ইডেনের যে ফ্ল্যাটে থাকেন, তার ৬০ লাখ টাকাও নিখিলের। এমনকি নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন নিখিল।

নিখিলের ঘনিষ্ঠ বন্ধুর মতে নুসরাতের রাজনৈতিক ক্যারিয়ারেও নিখিলের অবদান অনেক। নুসরাতকে সব বিষয়েই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। এমনকি আলাদা থাকার সময়ও নুসরাত নিখিলকে জানান তিনি ফিরে আসবেন। একটু সময় চান। ধীরে ধীরে চারিদিকে নুসরাতের যশের সাথে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।

তবে এসব ব্যাপারে একদম মুখ খোলেননি নুসরাত। যশের তরফ থেকেও পাওয়া যায়নি কোনও মন্তব্য।

নুসরাত/এসকেএম/আরএম