নিউজ ডেস্ক: পরিবেশ সংরক্ষণে টিলাকাটা, পুকুর ভরাট বন্ধ করতে হবে। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে। পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
রোববার নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে প্রকৃত শিক্ষার কোনও বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। জাতিকে উন্নত ও স্বাবলম্বী করতে শিক্ষিত হতে হবে এবং অন্যদেরও শিক্ষা গ্রহণে উদবুদ্ধ করতে হবে।
শিক্ষকদের তিনি উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের পাশাপাশি একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হওয়ার জন্য পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে উদবুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সংগ্রামী ও দেশের ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় নেতৃবৃন্দের সংগ্রামী জীবন কাহিনী শিক্ষার্থীদের জানাতে হবে। আদর্শ মানুষ হওয়ার জন্য তাদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন বাবু, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান, বিদ্যালয়ের সভাপতি ও পাইকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম এবং প্রধান শিক্ষক আবদুস সবুর।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply