০৬ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বিতর্ক তার পিছু ছাড়ে না। তবে নেটিজেনরা বলেন, বিতর্ক তৈরি করতে না পারলে রাতে তার ঘুম আসে না। বিষয় যাই হোক, আবারও শিরোনামে পুনম পাণ্ডে। তার এবারের কাণ্ডে ডাক উঠেছে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগের। আর পুনম পাণ্ডে গেছেন পুলিশ হেফাজতে।
লকডাউনের সময় গোয়ার সাগর সৈকতে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও ধারণ করার অভিযোগে বৃহস্পতিবার আটক হন বলিউডের এই সেক্স বম্ব।
এর আগে, বুধবার গোয়া ফরোয়ার্ড ব্লক পার্টির নারী শাখা পুনমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় সেই সূত্রে ক্যানাক্যানো পুলিশ এফআইআর দায়ের করে। এন ধারাবাহিকতায় বৃহস্পতিবার আটক হলেন ২৯ বছর বয়েসি পুনম পাণ্ডে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে ফরোয়ার্ড ব্লকের নারী শাখার অভিযোগ, সাগর সৈকত এলাকা ও সংরক্ষিত বাঁধে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করেছেন পুনম।
গোয়ার এসপি (দক্ষিণ) পঙ্কজ কুমার সিং পিটিআই’কে নিশ্চিত করেছেন, জেরা করার জন্য পুনম পাণ্ডেকে আটক করা হয়েছে।

২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের সময় ভারতীয় দলের জন্য শুভ কামনা জানিয়ে এই ছবিটি পোস্ট করেছিলেন পুনম পাণ্ডে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে ভারতজুড়ে।
এদিকে, এই ঘটনায় ফরোয়ার্ড ব্লকের নেতা দুর্গা দাস কামাত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও পানি সম্পদ মন্ত্রী ফিলিপ নেরি রদ্রিগেজের পদত্যাগ দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, পুলিশ এমন ভিডিও ধারণের অনুমতি দেয় কি করে?
সামাজিক ও রাজনৈতিক চাপে পুলিশের হুঁশ ফেরে। বিষয়টি খতিয়ে দেখতে জেরার নামে আটক করে পুনমকে।
লকডাউনের সময় গোয়ার ক্যানাক্যানোর চাপোলি বাঁধে পুনমের একটি ভিডিও ধারণ করা হয়। পানিসম্পদ দফতরের আওতাধীন ওই এলাকায় এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া’র অনুমতি ভিডিও ধারণ নিষিদ্ধ।
সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় সংশ্লিষ্ট আইনের ২৯৪ ধারায় পুনমের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে করা মামলায় পরে আরও কিছু ধারা যোগ হতে পারে।
এই ঘটনায় ইতোমধ্যে পুলিশের এক কর্মকর্তা ও এক কনস্টেবল সাসপেন্ড হয়েছেন। অভ্যন্তরীণ তদন্ত শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে। ধারণা করা হচ্ছে, তাদের গাফিলতির কারণেই পুনম সেখানে ভিডিও ধারণ করতে পেরেছেন।

গোয়ার সাগর সৈকতে পুনম পাণ্ডে
গ্রেফতারের ঘটনা পুনমের জন্য নতুন কিছু নয়। ২০১৪ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন পুনম। সেবার তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মুম্বাইয়ের রাস্তায় তিনি অশালীন আচরণ করেছিলেন। সে যাত্রায় সতর্ক করেই পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। যদিও সে বিষয়ে পুনম ট্যুইট করেছিলেন, ‘গাড়িতে বসে এক ভাইয়ের সাথে গান শুনছিলাম। এটি নিশ্চয়ই কোন অশালীন আচরণ নয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ অ্যাকিটিভ পুনম পাণ্ডে। নিয়মিতই নগ্ন আর অর্ধনগ্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। এসব করে সমালোচিতও হন। ইতোমধ্যে তার একটি পেইজ ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে লাখ লাখ অভিযোগ পাওয়ার পর। এখনও তিনি ফেসবুকে সরব। তবে ছবি ও ভিডিও আপলোডে এখন তার পয়লা নাম্বারের পছন্দ ইনস্টাগ্রাম।
পুনম/এএমএম/টিটি















