১৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি সেটি মনে রাখবেন। বেগম জিয়াকে বারবার সাজার মেয়াদ স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন তারা আবারও আবেদন করেছেন, প্রধানমন্ত্রী তো মহানুভব।
বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকা-কে উপহাস করেছেন, হত্যাকারীদের উৎসাহ দিয়েছেন। নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কেটেছেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- তিনি দুয়ার খোলেননি। সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবেন।
ডক্টর হাছান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চট্টগ্রামের উন্নয়নের ওপর শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। সেই মোতাবেক সমগ্র চট্টগ্রামব্যাপী অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সুপেয় পানি চট্টগ্রাম শহরে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম শহরবাসী যাতে সুপেয় পানি পায় সেজন্য তার নির্বাচনী এলাকার জনসাধারণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply