বন্যার কবলে উত্তর কোরিয়া

০৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারী বৃষ্টিতে উত্তর কোরিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি। তলিয়ে গেছে ফসলি জমি। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেশটির পাঁচ হাজারের বেশি মানুষ।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কেসিটিভির এক ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যাকবলিত এলাকায় পানি প্রায় বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু। দেশটির হ্যামগিউ প্রদেশে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে রাস্তাঘাট। প্রদেশটিতে নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণে নির্মাণ করা বাঁধগুলোও ভেঙে পড়েছে।

বন্যাকবলিত অঞ্চলগুলোয় দেশটির নেতা কিম জং উন সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন বলে রোববার কেসিএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আরও বৃষ্টিপাত বন্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।

চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই তীব্র খাদ্যসংকটে ভুগছে উত্তর কোরিয়া। গত জুনে খাদ্যসংকটের কথা স্বীকার করেছে দেশটির সরকার। দীর্ঘ সময় ধরেই দেশটির কৃষিব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর জেরে দেশটির খাবারের জোগান মেটাতে হিমশিম খেতে হয় পিয়ংইয়ংকে।

উত্তর কোরিয়া/এসকেএম