৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশকে করোনা ভাইরাসের দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া সরকার।
শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এসময় টিকা উপহার দেয়ার ঘোষণা দেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে মোমেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্টমন্ত্রী।
এসময় ডক্টর মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে রোমানিয়ার জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ।
বৈঠকে মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বলেন, রোমানিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং প্রতিষ্ঠিত হাইটেক পার্কগুলোতে যৌথ মালিকানায় কিংবা শতভাগ নিজস্ব মালিকানায় বিনিয়োগের আকর্ষনীয় সুযোগ গ্রহন করতে পারবে।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সেদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন। বোগদান আমন্ত্রণ সাদরে গ্রহন করেন।
করোনা ভ্যাকসিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply