২৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশ আওয়ামী লীগ এ দুইটি নাম ওতোপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ‘আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা’ শীর্ষক হাওয়াইয়ান গিটারে ৫০ জন শিল্পীর দেশাত্মবোধক গানের সিডির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাসানুর রহমান বাচ্চু এবং কবি ও গবেষক আমিনুর রহমান বক্তব্য রাখেন।
তিনি বলেন, ১৯৫৬ সালে আওয়ামী লীগ পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গঠন করার আগ পর্যন্ত কোনও সংবিধান ছিল না। নিখিল পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি হোসেন শহীদ সোহওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি হিসেবে বাঙালির মুক্তির সনদ ৬দফা ঘোষণা করে স্বাধীনতার লক্ষ্যে বাঙালির মনন তৈরি করেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ধস নামানো বিজয় অর্জন হয়েছিল। তার প্রেক্ষিতেই অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতাসংগ্রাম, স্বাধীনতা ঘোষণা স্বাধীনতাযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। সেকারণেই আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নাম জড়িয়ে আছে।
হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে হাওয়াইয়ান গিটারে দেশের গানের সিডির মোড়ক উন্মোচনকে তাৎপর্যপূর্ণ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই বাঙালি সংস্কৃতিটা হারিয়ে যেতো। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছিল বিধায় আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি’ এই গান এখন সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় বাজানো হয়। বেতারের পাশাপাশি সব টেলিভিশনেও হাওয়াইয়ান গিটারভিত্তিক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম















