২৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশের রাজনীতিতে নয়, বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন চলছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কূটচাল ব্যর্থ হওয়ায় বিএনপির হতাশা আরও ঘনীভুত হয়েছে। তাদের রাজনীতিতে এখন দুর্দিন অতিক্রম করছে।
‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জনগণ এখন হতাশাগ্রস্থ বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি ’৬৯ এর মতো গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান দেখিয়েছে -তা বিএনপি দেখেও দেখে না, বুঝেও বুঝে না। বিএনপি এখনও অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে জনগনের ঘাড়ে জগদ্দল পাথরের মতো সওয়ার হওয়ার দিবা স্বপ্ন দেখে।
সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন, আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা সরকার জানান ওবায়দুল কাদের। বলেন, সরকারের এই উদ্যোগকে বিএনপি’র স্বাগত জানানোর প্রয়োজন ছিল। অথচ আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে।
বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের শাসনামলে তারা কেন এই আইন করতে পারলেন না?
করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















