২২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগের দাবিতে আন্দোলন করে সরকারবিরোধী কয়েকশ বিক্ষোভকারী। এক পর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকরীরা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়।
মধ্য আমেরিকার দেশটির দাঙ্গা পুলিশ শনিবার আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করার সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনটির একাংশে আগুনও ধরিয়ে দেন। খবর দ্য গার্ডিয়ানের।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেললেও অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।
শনিবার বিক্ষোভকারীদের এ হামলার সময় গুয়াতেমালা সিটিতে অবস্থিত কংগ্রেস ভবন ফাঁকাই ছিল। পুরো ঘটনার স্থায়িত্ব ছিল ১০ মিনিটেরও কম।
বিক্ষোভকারীরা বুধবার রাতে কংগ্রেসে পাস হওয়া বাজেটের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগও দাবি করেন।
বিরোধীদের ভাষ্য, পাস হওয়া বাজেটে সেসব বড় বড় স্থাপনা নির্মাণ প্রকল্পকেই অগ্রাধিকার দেয়া হয়েছে, যেগুলো দেখভালের দায়িত্বে আছে সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানি।
চলতি কোভিড-১৯ মহামারী সামাজিক ও অর্থনৈতিক খাতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে বাজেটে তাও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে তারা।
গুয়াতেমালা/এসকেএম
















Leave a Reply