বিধিনিষেধ বাড়ল আরও এক মাস

১৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আবারও বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতেই শেষ হচ্ছে লকডাউন। তার আগেই বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত এল। তবে এবার নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সাথে মিলে কারিগরি কমিটির সাথে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

এর আগে ৬ জুন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার।

উল্লেখ্য, মার্চের শেষের দিকে দেশের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে ৬ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মে থেকে ৩০ মে রোববার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়। একইসাথে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে বসিয়ে সেবা দেয়ার অনুমতি পায়।

লকডাউন/এসকেএম