বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারে নির্মাণাধীন ৮ লেনের সেতু পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষের দিকে। প্রধানমন্ত্রী গতকাল সোমবার বলেছেন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে, নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

সেতুমন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশন গঠন নিয়ে সংশয় থাকার কোনও কারণ নেই। এখানে বিএনপি’রও প্রতিনিধিত্ব থাকে। এখন যে নির্বাচন কমিশন আছে এখানেও তাদের একজন দলীয় কমিশনার আছেন। যিনি প্রায়ই বক্তব্য দিয়ে থাকেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষন করেন। বিএনপি যে সুরে কথা বলে, তাদের নির্বাচন কমিশনের প্রতিনিধিও সেই সুরেই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না। আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্বের বিষয়ে বলা আছে। নির্বাচন কমিশনের অধীনে প্রশাসনিক এবং আইন প্রয়োগকারী সংস্থা এমনকি সেনাবাহিনীর টাস্কফোর্সও দায়িত্ব পালন করে থাকে। সেটা সরকারের অধীনে থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন চলে যায় নির্বাচন কমিশনের অধীনে।

সেতুর কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রী বলেন, এ কাজের ২৫ শতাংশ ভৌত অগ্রগতি সম্পন্ন হয়েছে। ২৩২ দশমিক ৯৪ মিটারের পাঁচটি স্প্যান বিশিষ্ট দ্বিতীয় আমিনবাজার সেতুর চুক্তিমূল্য হয়েছে ২০৪ কোটি টাকা। এ সেতুর ১৪০টি পাইলের ১০২টি পাইল সম্পন্ন হয়েছে। ছয়টি পাইল ক্যাপের মধ্যে তিনটি, চারটি পিয়ারের মধ্যে একটি এবং দুইটি অ্যাবাটমেন্টের মধ্যে দুইটিরই কাজ সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *