বীরকন্যা প্রীতিলতার জন্মদিন আজ

৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১১তম জন্মদিন আজ। তৎকালীন সময়ে এই নারী সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

নারী বিপ্লবী প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার ও মা প্রতিভা দেবী।

১৯২৮ সালে ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় থেকে স্টার মার্ক পেয়ে ম্যাট্রিক পাস করেন প্রীতিলতা। পরবর্তী সময়ে আইএ পড়ার জন্য ঢাকার ইডেন কলেজে ভর্তি হন। ১৯৩০ সালে আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করেন।

পরবর্তী সময়ে কলিকাতার বেথুন কলেজ থেকে ১৯৩২ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। চট্টগ্রামে ফিরে নন্দনকানন অর্পণাচরণ ইংরেজি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেন।

প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য মাস্টার দ্য সূর্য সেনের নির্দেশে নিয়েছিলেন সশস্ত্র প্রশিক্ষণ। ১৯৩২ সালের সেপ্টেম্বর মাসে প্রীতিলতা ও তার সহযোদ্ধারা নগরের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব দখলের সময় ব্রিটিশ পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। গ্রেফতার এড়াতে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মহত্যা করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ২১ বছর। আত্মাহুতির স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২০১২ সালে প্রীতিলতার ব্রোঞ্জমূর্তি স্থাপন করা হয়।

দেশ মাতৃকার জন্য আত্মাহুতি দেয়া এই বীরকন্যা নারীদেরকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছিলেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে নামতে।

১১১তম জন্মদিনে তার প্রতি আর্ট নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

প্রীতিলতা/এসকেএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *