ভারতে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর: এএফপি।

পূবাঞ্চলীয় রাজ্য বিহারের দুটি গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে মদ বিক্রি ও পান আইন করে নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের আরও কয়েকটি রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গোপনে নিয়মবহির্ভূতভাবে তৈরি সস্তা মদের রমরমা কেনাবেচা হয়ে থাকে কালোবাজারে। এসব মদ পান করে প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

সবশেষ ঘটনায় সরন জেলার বেশ কয়েকজন পুরুষ বমি করতে শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। বাকিরা গতকাল বুধবার ও আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এএফপিকে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১২ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছি। আরও কয়েকজনকে আটক করেছি।

ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে প্রতিবছর যত মদপান করা হয়, এর প্রায় ৪০ শতাংশই তৈরি হয় অবৈধভাবে।

কার্যকারিতা বাড়াতে অবৈধ এসব মদে প্রায়ই মিথানল মেশানো হয়। মিথানল সেবনের ফলে অন্ধত্ব, লিভার ক্ষতিগ্রস্ত এবং মৃত্যুও হতে পারে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ