ভূমিক্ষয় ও মরুকরণ প্রতিরোধে বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা করছে

১১ মে ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশ সরকার ভূমিক্ষয় ও মরুকরণ প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় পরিবেশ নীতি সংশোধন করা হয়েছে এবং মরুকরণ, ভূমি অবক্ষয় ও খরা মোকাবেলা করার জন্য বাংলাদেশ ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম ২০১৫-২০২৪ প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ বিষয়ক ১৫তম সম্মেলনের ‘ল্যান্ড রিস্টোরেশন: এ পাথ টু সাসটেইনেবল পোস্ট প্যানডেমিক রিকভারি’ শীর্ষক টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং কপ-১৩’র সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় নিরপেক্ষতা অর্জনের জন্য স্বেচ্ছায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শাহাব উদ্দিন বলেন, রাস্তার ধারে বৃক্ষরোপণ, উপকূলীয় বনায়ন এবং সামাজিক বনায়ন হচ্ছে বাংলাদেশের সফল ভূমি-ভিত্তিক অভিযোজন কার্যক্রমের প্রকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, মরুকরণ প্রতিরোধ এবং পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করা হয়েছে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়নের কাজ চলমান আছে।

মন্ত্রী বলেন, দেশে দ্রুত বর্ধনশীল ফসল, শাকসবজি এবং ফলের জন্য টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির সর্বোত্তম চর্চা চালু করা হয়েছে। টেকসই ভূমি ব্যবস্থা চালু করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বরেন্দ্র অঞ্চলকে সবুজ এলাকায় পরিণত করা হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতি বছর প্রায় ৬৯ হাজার হেক্টর জমি হারাচ্ছে যা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশের এক-তৃতীয়াংশ উপকূল রয়েছে যেখানে জোয়ারের পানির সংস্পর্শে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমাদের দেশে এক মিলিয়ন লোকের জোরপূর্বক অভিবাসন আমাদের ভূমি, জীবন, পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বাস্তুতন্ত্রের জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুকরণের হুমকিতে রয়েছে। ভূমি পুনরুদ্ধারই সবুজ পুনরুদ্ধার নিশ্চিত করতে পারে।

মরুকরণ প্রতিরোধে বাংলাদেশ ইউএনসিসিডি সচিবালয়ের পাশাপাশি গ্লোবাল মেকানিজমের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন পরিবেশমন্ত্রী।

পরিবেশমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *