মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী

০৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তি ও ভাগ্য উন্নয়নে আজীবন লড়াই করে গেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুর্দিনে জনগণের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য তিনি খাদ্য উপহার পাঠিয়েছেন। মন্ত্রী মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সবাইকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানান।

বুধবার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র খাদ্য উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুল অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় তিনি কসবার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়াও মন্ত্রী কৃষি বিভাগের ৬টি ধান কাটার হারভেস্টার মেশিন এবং উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ৫৪০টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র মোহাম্মদ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আনিসুল হক/এসকেএম